২০ নভেম্বর ২০২৬, ০৮:২০

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

বিমানবন্দরে জামায়াত আমির ও দলটির নেতৃবৃন্দ  © সংগৃহীত

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত তার এ সফর চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। মালয়েশিয়ায়ও প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে তার।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির নেতারা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।