১৮ নভেম্বর ২০২৬, ১৯:১৪

ওসমান ফারুকের পর এমপিদের পদত্যাগের গুজবে আক্রান্ত বিএনপি

জাতীয়তাবাদী দলের পতাকা  © সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, খালেদা জিয়ার মন্ত্রিসভার সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। অসুস্থতার কারণে দীর্ঘদিন আমেরিকায় বসবাস করা ড. ফারুক সেখান থেকে নিজের স্বাক্ষরিত জাতীয় সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ পত্র স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর পাঠিয়ে দেন বলে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে সংসদকে অবহিত করেন স্পিকার। এরপর নির্বাচন কমিশন সচিবালয় কিশোরগঞ্জ-৩ আসনকে শূণ্য ঘোষণা করে।

এদিকে, অসুস্থতা ও বয়সজনিত কারণে জাতীয় সংসদের সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগের পর মঙ্গলবার রাত ও আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি দলীয় আরও কয়েক সিনিয়র নেতার পদত্যাগ নিয়ে ব্যাপক গুজব চলমান রয়েছে। 

পদত্যাগের গুজবের মধ্যে অন্যতম রয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। 
গুজবের ব্যাপকতা এতটা বাড়ে যে, ফেসবুকে বিএনপির প্রভাবশালী নেতা ও ‘বর্তমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ১৭জন নেতা ও এমপি চট্টগ্রামে অর্থমন্ত্রীর বাসায় গোপন বৈঠক করেছেন। শিগগিরিই পদত্যাগ করবেন’-এমন গুজবে সয়লাব হয়ে যায়। গুজবে এসব নেতাদের ছবিযুক্ত করে ফটোকার্ডও শেয়ার করা হয়। আর তাতে ব্যাপক মন্তব্য ও রিঅ্যাক্টও দেখা যায়।

এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ অন্য নেতা, এমপিদের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছে দলটির মিডিয়া সেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত খবরকে সম্পূর্ণ গুজব ও দুষ্ট চক্রের অপপ্রচার বলে দাবি করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুুলু গত প্রায় এক মাস রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে আবার রাজধানীর বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালেও তিনি চিকিৎসা নেন। এমনকি এভারকেয়ার হাসপাতাল থেকেই তিনি গতকাল (মঙ্গলবার) রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছেন।

শায়রুল জানান, থাইল্যান্ডের একটি হাসপাতালে বরকত উল্লা বুলু চিকিৎসকের পরামর্শে তিনি আজ বুধবার সকালে ভর্তি হয়েছেন।

এদিকে, ড. ওসমান ফারুকের পদত্যাগের মূল কারণ অসুস্থতা বলে জানিয়েছেন তার এক আত্মীয়। নিজের নাম না প্রকাশের শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. উসমান ফারুক এমপি নিজে এবং তার সহধর্মিণী রানা ফারুক দীর্ঘদিন যাবত অসুস্থ। ড. ফারুক ডিমেনশিয়াসহ নানান জটিল রেগে ভুগছেন। তিনি নিজে কিছু মনে রাখতে পারেন না। এমনকি কাউকে তেমন চিনতেও পারেন না। কেউ তার কাছে নিজের নাম বললে প্রত্যুত্তরে তিনি ‘ও আচ্ছা, ও আচ্ছা’ বলে জবাব দেন। মূলত গুরুতর অসুুস্থতার কারণে পরিবার তাকে পদত্যাগ করতে বলায় তিনি পদত্যাগ করেছেন। কারণ তিনি দায়িত্বপালনে প্রায় সম্পূর্ণ অক্ষম। শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবার জন্য ড. মো. ওসমান ফারুকের সিদ্ধান্তটি দেশের রাজনীতিতে গুড এক্সাম্পল হয়ে থাকবে। এলাকায় সময় দিতে পারছেন না বলে জনগণের ওপরে তার দায়িত্ববোধ থেকে তিনি সংসদ সদস্যপদ আঁকড়ে ধরে না রেখে পদত্যাগের সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয়। এমন দায়িত্ববোধ সম্পন্ন এবং পরিশীলিত চিন্তার মানুষজন বাংলাদেশের রাজনীতিতে বিরল। 

তিনি জানান, ড. ওসমান ফারুক নানা জটিল রোগে ভুগছেন। ৪ মাসের বেশি সময় উনি আমেরিকার একটি হাসপাতালে আছেন। যে কারণে বিগত রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিতে পর্যন্ত সংসদে বা দেশে আসতে পারেননি।

পদত্যাগপত্রে ওসমান ফারুক লিখেছেন, এ সিদ্ধান্ত গ্রহণ করা আমার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং জনগণের সেবা করার সুযোগ পাওয়াটা আমার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয় ছিল। কিন্তু আমার শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় এমন মর্মাহত সিদ্ধান্ত নিতে হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং বিশ্বব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ড. ওসমান ফারুক। বেগম খালেদা জিয়ার আহ্বানে চাকরি ও প্রবাস জীবন ছেড়ে রাজনীতিতে এসেছিলেন। ২০০১ সালে তিনি বিএনপির মনোনয়ন পান। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর খালেদা জিয়া তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।