কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর ব্যবস্থা নেবে বিএনপি
২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় নড়ে-চড়ে বসেছে ক্ষমতাসীন বিএনপি। হাসিনার ফেরা ইস্যুকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা বা নাশকতার বিষয়ে নজর রাখতে এবং পুলিশ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছে দলটি। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের কোনো সহযোগিতা বা সহযোগিতার চেষ্টা করলে অথবা সহযোগিতার অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার ঘোষণাও দিয়েছে বিএনপি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে আশ্রয় দেওয়া, গ্রেপ্তারদের ছাড়িয়ে আনার চেষ্টা কিংবা অন্য কোনোভাবে সহায়তার চেষ্টার অভিযোগ পাওয়া গেলে প্রমাণ সাপেক্ষে বিএনপি থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে।
বিএনপি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা সহায়তা করছেন—এমন অভিযোগ দেশের কয়েকটি জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে আসার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র নেতারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, অভিযোগগুলো খতিয়ে দেখে জড়িতদের পদ-পদবি বা প্রভাব বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকেও সহায়তা করবে বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ডেইলি ক্যাম্পাসকে বলেন, কেউ যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তার সঙ্গে জড়িত থাকেন, তবে তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। সংঘাত না বাড়িয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
দলের সিনিয়র নেতারা বলেন, কেউ বিএনপির পদ ব্যবহার করে আওয়ামী লীগের গ্রেপ্তার কোনো সদস্যকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করলে তা দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেকোনো অরাজকতা ও পতিত ফ্যাসিস্টদের সহযোগিতার বিষয়ে নেতাকর্মীদের দল থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কোনো নেতাকে সহযোগিতা বা পুলিশের হাতে আট হওয়া নেতাদের ছাড়িয়ে নিতে পুলিশের প্রতি চাপ সৃষ্টি করার কোনো অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে দলের সিনিয়র নেতাদের জানাতে বা অবহিত করতে বলা হয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ও দলীয় নির্দেশনা পেয়েছি আমরা। কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের সঙ্গে আমাদের দলের কারও কোনো ধরনের যোগাযোগ আছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সমন্বয়ের কিছু সমস্যা রয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব আমাদের ওপর থাকলেও কিছু ক্ষেত্রে বিষয়গুলো সঠিকভাবে হচ্ছে না। এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
বিএনপি নেতারা জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর ডিসেম্বরের দিকে আওয়ামী লীগের কর্মীরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা থেকে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। যেকোনো সন্দেহজনক তৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের কেন্দ্রীয় নেতাদের জানাতে স্থানীয় ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের পাল্টা কোনো কর্মসূচি বা পাড়া-মহল্লায় পাহারার মতো কর্মসূচি নিতে চায় না বিএনপি। বরং নেতাকর্মীদের শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি প্রশাসনের ওপর ছেড়ে দিতে বলা হয়েছে।
বিএনপি নেতারা জানান, তারা জেনেছেন যে দলের একটি অংশ আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে লোকজনকে আটক ও মারধর করছে। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে বলে মনে করেন নেতারা।
এ কারণে নেতাকর্মীদের সব ধরনের সহিংসতা ও হয়রানি এড়িয়ে চলতে এবং সন্দেহজনক অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে বলা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে, যেকোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করতে এবং পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে আগামী ডিসেম্বরে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলতে পারে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর থেকে পৃথক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা।
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
এদিকে, কারও পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারা নয়, বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।
গত পড়শু রবিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলীয় ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা ধরনের তৎপরতার মধ্যে এই সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন দল বিএনপি।
বৈঠক সূত্র জানিয়েছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, সে ধরনের কোনো কর্মসূচিও নেওয়া হবে না।
বৈঠক সূত্রে জানা গেছে, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি বা সাংস্কৃতিক কর্মসূচির মতো রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়। বিশেষ করে বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে দলটির নেতৃত্ব।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’
ডিসেম্বর জুড়ে রাজপথে থাকবে বিএনপি, ঘোষণা ইশরাকের
অপরদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে। কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
ইশরাক হোসেন বলেন, আসন্ন ডিসেম্বরকে ঘিরে পলাতক শেখ হাসিনা ও তার নেতারা দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া এবং পটকা ফাটিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। এসব অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে।
তিনি বলেন, গত সোমবার সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়ে তা মোকাবিলা করতে বলেছেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
৭ নভেম্বরের র্যালির প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ওই র্যালিতে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছেন। সেই র্যালির মধ্য দিয়ে তাঁরা রাজপথে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। ডিসেম্বর বিজয়ের মাস। পুরো ডিসেম্বর রাজপথ নিজেদের দখলে রাখা হবে।
ইশরাক বলেন, রাজনৈতিক অস্তিত্ব ও অর্থনৈতিক স্বার্থ টিকিয়ে রাখতেই আওয়ামী লীগ এ ধরনের হুংকার দিচ্ছে। আমরা চাই, শেখ হাসিনা দেশে ফিরে আসুন। ডিসেম্বর কেন, কালকেই তিনি দেশে আসছেন না কেন—এমন প্রশ্নও তোলেন তিনি।
নিজেদের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতার কথা তুলে ধরে ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, ১৭ বছর তাঁরা রাজপথে ছিলেন। ক্ষমতায় গেলেও রাজপথের রাজনীতি ভুলে যাননি। তাঁদের শক্তির মূল উৎস বাংলাদেশের রাজপথ ও জনগণ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আমি একমাত্র আমার জনগণ আর আমার নেতা তারেক রহমানের নির্দেশে চলি। মাঝখানে আর কোনো নেতা চিনি না বলেন তিনি। যেকোনো অপশক্তি ও অপচেষ্টার দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত।