৯ বছর পর বরিশাল জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা
দীর্ঘ প্রায় ৯ বছর পর বরিশাল জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, বরিশাল মহানগর যুবদলের সাত সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান মুন্না।
কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভি।
অন্যদিকে বরিশাল জেলা (উত্তর) যুবদলের দুই সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে মোহাম্মদ কায়সার আহমেদকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে আরিফুল ইসলাম জনিকে।
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। এ ছাড়া সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইউসুফ খান রনি।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দিয়েছেন। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া নেতাদের অধিকাংশই একসময় জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি অতীতে ছাত্রদল ও যুবদলের কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়া কয়েকজন নেতাও এবার নতুন কমিটিতে স্থান পেয়েছেন।
এর আগে ২০১৭ সালের এপ্রিলে বরিশাল মহানগর যুবদলের সভাপতি হিসেবে আক্তারুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ হাসান মামুনের নাম ঘোষণা করা হয়েছিল। একই সময়ে জেলা (দক্ষিণ) যুবদলের সভাপতি করা হয় পারভেজ আকন বিপ্লবকে এবং সাধারণ সম্পাদক করা হয় এইচএম তছলিম উদ্দিনকে।
পরে সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে মহানগর সভাপতি আক্তারুজ্জামান শামীমের পদ স্থগিত করা হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের পদও স্থগিত হয়েছিল। পরে তিনি পদ ফিরে পেলেও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাকসুদুর রহমান মাসুদের নেতৃত্বে প্রায় তিন বছর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে করোনাকালে জেলা (দক্ষিণ) যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লবের মৃত্যু হলে ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান ও সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দিনের নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম চলে।
অন্যদিকে ২০২০ সালে পুনর্গঠন করা হয়েছিল বরিশাল জেলা (উত্তর) যুবদল। তখন সালাউদ্দিন পিপলুকে আহ্বায়ক এবং গোলাম মোর্শেদ মাসুদকে সদস্যসচিব করা হয়। প্রায় ছয় বছর পর এবার আহ্বায়ক কমিটির পরিবর্তে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলো।
দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতাদের ছবি প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। এ ছাড়া তাৎক্ষণিকভাবে নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন তাঁরা।
নবগঠিত মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা তাঁদের ওপর আস্থা রেখেছেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন তাঁরা।
তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেভাবে রাজপথে সক্রিয় ছিলেন, ভবিষ্যতেও সেভাবে রাজপথে ভূমিকা রাখবেন।