১৬ নভেম্বর ২০২৬, ১৬:০৫

‘আ.লীগের নাশকতাকে দর-কষাকষির হাতিয়ার করতে চায় জামায়াত-এনসিপি’— রাশেদ খাঁন

রাশেদ খাঁন  © টিডিসি সম্পাদিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর ঠেকাতে মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল দুটির এমন অবস্থানকে সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় জামায়াত-এনসিপি।

আজ সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব দাবি করেন রাশেদ খাঁন। তিনি জানান, গত ১০ নভেম্বরই এ বিষয়ে বিস্তারিত লিখেছিলেন তিনি। তার দাবি, সরকারকে চাপে রাখার জন্য আওয়ামী লীগের নাশকতাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। তারা এই পরিস্থিতিকে সরকারের সঙ্গে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘আজকে গণমাধ্যমে খবরে এসেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর ঠেকাতে মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি।’

তিনি আরও লেখেন, ‘খবরে আরও বলা হয়েছে যে, বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তারা এমন তথ্য পেয়েছে যে, রাজপথে নিষ্ক্রিয় থেকে সরকারকে চাপে রাখার কৌশল নিয়ে অগ্রসর হবে জামায়াত-এনসিপি।’

রাশেদ খান দাবি করেন, আওয়ামী লীগের বিষয়ে জামায়াতের নিশ্চুপ থাকার সিদ্ধান্তের পেছনে ভারতের ভূমিকা রয়েছে। তার অভিযোগ, আওয়ামী লীগের বিষয়ে চুপ থাকলে ভবিষ্যতে ক্ষমতায় আসার ক্ষেত্রে ভারত জামায়াতকে সহযোগিতা করবে—এমন প্রলোভন দেখানো হয়েছে। আর সেই প্রলোভনেই পা দিয়েছে দলটি।

পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের বিষয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত শুধু জামায়াতের নয়, বরং ভারত জামায়াতকে এই প্রলোভন দেখিয়েছে যে, আওয়ামী লীগের বিষয়ে চুপ থাকলে ভবিষ্যতে ক্ষমতায় আসার বিষয়ে ভারত জামায়াতকে সহযোগিতা করবে। আর সেই ফাঁদে পা দিয়েছে জামায়াত।’

ভারতের এই কৌশলের উদ্দেশ্য নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তার দাবি, জামায়াতকে ক্ষমতায় আনা নয়, বরং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করতেই দলটিকে আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে নিষ্ক্রিয় রাখার চেষ্টা করছে ভারত।

তিনি বলেন, ‘ভারত আ.লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াতকে নিষ্ক্রিয় রাখার কৌশল নিয়েছে আ.লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার জন্য, জামায়াতকে ক্ষমতায় আনার জন্য নয়।’