১৫ নভেম্বর ২০২৬, ২৩:১৩

বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির দুই কার্যালয়ে অগ্নিসংযোগ  © সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের প্রায় ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী একটি মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। একপর্যায়ে তাঁরা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে যায়।

পরে মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। দুর্বৃত্তরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি কার্যালয়ের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরের দুটি পৃথক স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।