জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়া’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয় বলে জানিয়েছে রাজনৈতিক দলটি। রবিবার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল প্যাড ও সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর জাল করে সংগঠনের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে তিন সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি প্রচার করা হচ্ছে। প্রচারিত এ কমিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই।
এতে আরও বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফটোকার্ডে লেখা হয়, ২০২৭-২৮ সালের জন্য কেন্দ্রীয় যুব কমিটি নির্বাচিত। সভাপতি পদে রাজিবুর রহমান পলাশ, সেক্রেটারি পদে মঞ্জুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।