১৪ নভেম্বর ২০২৬, ১৩:৪২

সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না, ওরা জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন  © সংগৃহীত

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশে না এবং তারা নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে বিচ্ছিন্ন থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ‍আজ শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ ওদের বিরুদ্ধে ভয়ে কথা বলে না। কিন্তু অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও আমার মতো হাতেগোনা কয়েকজন ওদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হওয়ার পর সচেতন মানুষের কাছে ওদের সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে যে, ওদের আমির থেকে কর্মী সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। ওরা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না। ওরা সম্মিলিত সাইবার অ্যাটাক করে কাউকে থামিয়ে দিতে চেষ্টা করে।’

নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংগঠিতভাবে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করে রাশেদ খাঁন বলেন, ‘ঠিক আমি যখন একের পর এক ওদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছি, তখন জামায়াত-শিবিরের একদম টপ টু বটম নেতাকর্মী আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। যেটা জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায় যে, আমার দ্বারা ওদের মতো জান্নাতি দলের নির্মিত মিথ্যা ন্যারেটিভের কী পরিমাণ ক্ষতি হয়েছে।’

জামায়াতের কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সাথে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য প্রমাণ তুলে ধরা এবং জামায়াত এমপি গাজী নজরুলের পর জামায়াতের আরেক এমপি আমির হামজার নারীঘটিত অনৈতিক কাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। যেকারণে ওরা এখন পাগলের মতো উন্মাদ হয়ে আমার বিরুদ্ধে নেমেছে।’

জামায়াত-শিবিরের সামাজিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘একটু খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। সভ্য সমাজের সচেতন মানুষ ওদের সাথে মেশে না। ওরা ওদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে। বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, দেখবেন, একটা সময় আসবে যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।’