জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন
সহ-আলোচক জামায়াত নেতা ডক্টর আব্দুল মান্নানের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’ ছেড়ে বেরিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও ডক্টর আব্দুল মান্নানের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আব্দুল মান্নান রাশেদ খাঁনকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ বলে মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই মন্তব্য প্রত্যাহার এবং উপযুক্ত প্রতিকার দাবি করেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁন বলেন, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে বসে থাকা তার পক্ষে সম্ভব নয় বলেও জানান তিনি। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলামের কাছে তাৎক্ষণিক সমাধান দাবি করেন।
পরিস্থিতি সামাল দিতে সঞ্চালক মনিরুল ইসলাম গণমাধ্যমের সামনে এ ধরনের ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ডক্টর আব্দুল মান্নানের মন্তব্যটি অনুষ্ঠানের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দেন এবং রাশেদ খাঁনকে আলোচনায় থাকার অনুরোধ জানান।
তবে সঞ্চালকের এ প্রস্তাবে রাজি হননি রাশেদ খাঁন। তিনি জানান, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে। কিন্তু সংশ্লিষ্ট বক্তা মন্তব্য প্রত্যাহার না করায় এবং বিকল্প কোনো সমাধান না আসায় শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টুডিও ত্যাগ করেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন জনসভায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ করে আসছিলেন রাশেদ খাঁন। বিশেষ করে দলটির নেতা মিয়া গোলাম পরওয়ারের নাম উল্লেখ করে এ দাবি করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর ফ্লোর নিয়ে অভিযোগটি নাকচ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংসদে ৩৫০ জন সদস্যের সামনে তিনি বলেন, কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই। কোনো এজেন্সির সঙ্গে বসবো কেন? আমরা রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে।
ওই বক্তৃতাতেই রাশেদ খাঁনের নাম উল্লেখ না করে ডা. শফিকুর রহমান কটাক্ষ করে বলেন, সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক সচিব মর্যাদার একজন লোক... ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত এবং একই সঙ্গে তাকে ‘ফালতু লোক’ হিসেবে আখ্যা দেন।