১৩ নভেম্বর ২০২৬, ২২:২১

৭ দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু   © টিডিসি ছবি

গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারীশক্তির আহ্বায়ক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু। বিভিন্ন বিদেশি নম্বর থেকে তাকে এসব হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাহমুদা মিতু। পোস্টে তিনি সংসদে নিজের আবেগপ্রবণ হয়ে পড়া, জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও নেতাদের অপমান এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা তুলে ধরেন।

পোস্টে মাহমুদা মিতু লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেয়া হয়।’

তিনি আরও লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’

হত্যার হুমকি পাওয়ার বিষয়ে তিনি লেখেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’

পোস্টের শেষাংশে মাহমুদা মিতু লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’