বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
দিনভর নানা নাটকীয়তা ও পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণার পর অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়েছে। রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভা শেষে সংসদ সদস্য মাওলানা আবু তালেব বলেন, কুরআনের মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য প্রধান বক্তা আমির হামজাকে অনুরোধ করা হবে। মাহফিল আয়োজনে বিএনপি ও প্রশাসন সহযোগিতা করবে।
জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার।
এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের পাঠানো তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ কারণে মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না।
এ সিদ্ধান্ত প্রকাশের পর কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে আমির হামজাকে স্বাগত জানিয়ে জামায়াতের উদ্যোগে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে সন্ধ্যায় শহরের মুরগিহাট এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মাহফিলটি বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, মাহফিল আয়োজনের বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাওয়া হচ্ছে। কোনোভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না এবং মাহফিল বাস্তবায়ন হবেই।
অন্যদিকে, একই মাঠে শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেয় সচেতন কালীগঞ্জবাসী। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরে মাইকিং এবং সন্ধ্যায় মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।
পরে রাত ৯টার দিকে সংবাদ সম্মেলনে সচেতন কালীগঞ্জবাসীর পক্ষে ইলিয়াস রহমান মিঠু জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে নিয়মিত জনসচেতনতামূলক সমাবেশ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে পূর্বনির্ধারিত কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে রাত ১১টার জরুরি সভায় মাহফিল আয়োজন নিয়ে সমঝোতা হওয়ায় দুই কর্মসূচি একই মাঠে কীভাবে ও কখন অনুষ্ঠিত হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।