১২ নভেম্বর ২০২৬, ১৯:২৮

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরি দাবি কলেজ ছাত্রদল সম্পাদকের

রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. সাকিব পাটোয়ারী  © টিডিসি সম্পাদিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. সাকিব পাটোয়ারীকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার ইয়াবা সেবনের দৃশ্য রয়েছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন সাকিব। অন্যদিকে, এআই শনাক্তকরণ টুলের মাধ্যমে যাচাই করে ভিডিওটি এআই দিয়ে তৈরি দাবির সত্যতা পাওয়া যায়নি।

সম্প্রতি ঘোষিত রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মো. সাকিব পাটোয়ারী। কমিটিতে দায়িত্ব পাওয়ার পরপরই তাকে ঘিরে এমন ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন নেতার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। একই সঙ্গে নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ধারণের সময় ও প্রকৃত প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে মো. সাকিব পাটোয়ারী বলেন, ‘ভিডিওতে আমাকে দেখা গেলেও এটি এআই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকারত সৌরভ বলেন, ‘আমরা ভিডিও ক্লিপটি দেখেছি। তবে যাচাই-বাছাই করে বিষয়টি নিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’