১২ নভেম্বর ২০২৬, ১৮:৪৭

আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দায়মুক্তি দিচ্ছেন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম  © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জেলা আওয়ামী লীগ এই ঘটনার দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দায়মুক্তি দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এমন মন্তব্য করেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির প্রতিবেদনের বরাত দিয়ে ওই বাড়িতে শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে উল্লেখ করেন। একই সাথে বাড়িটি পরিত্যক্ত ছিল বলেও জানান তিনি।

তার বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) যেই বক্তব্যটি দিলেন, উনি অনেক ভিডিও, অনেক ফুটেজ, অনেক তথ্যের কথা বললেন। কিন্তু যেই ভিডিও ফুটেজটি বের হয়েছে এবং সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় আছে, ওই ভিডিও ফুটেজটা যদি উনি দেখতেন, যেই ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাইরে থেকে কোনো একটা জিনিস নিক্ষিপ্ত করার কারণেই দপ করে পুরো সমগ্র বাড়িতে আগুন জ্বলে গিয়েছিল।

তিনি বলেন, ওই বাড়িটা কোনো পরিত্যক্ত বাড়িও ছিল না, কোনো গবাদিপশুর বাড়িও ছিল না, সেখানে কিন্তু মানুষ বসবাস করতেন। গতকাল রাতেও মানুষ ছিল, কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়-স্বজন সে বাসায় থাকতেন, গতকাল রাতে মানুষও মারা যেতে পারতেন।

নাহিদ ইসলাম আরও বলেন, নুসরাত তাবাসসুমকে গত কয়েকদিন ধরেই ফোনে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছিল হামলার। দুই দিন আগে তিনি কিন্তু একটি জিডিও করেছেন। ফলে এই ঘটনাগুলো কোনোটাই বিচ্ছিন্ন না। আপনারা যদি আরও একটু দেখেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট শক্তির যে উল্লাস আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ, তারা নিজেরাই এই দায় স্বীকার করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তাদের দায়মুক্তি দিচ্ছেন এই সংসদে এসে। ফলে আমরা আশা করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে কত ঘণ্টার মধ্যে দোষীদেরকে উনি শনাক্ত করে গ্রেপ্তার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, বাসে আগুন লেগে মানুষ মারা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটতেছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, সমন্বয়কদেরকে রামদা দিয়ে কোপানো হচ্ছে— এই সামগ্রিক চিত্র হচ্ছে এই বাংলাদেশের বর্তমানে। এই ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী যদি ডিনায়াল করে যান, তাহলে আমাদের কিছু বলার থাকবে না। এই কারণেই বলেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা জবাব আশা করি না। কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ, জনগণ আজকে এটা দেখল যে সরকার কী ধরনের আচরণ করছে, যখন বিরোধী দলের একজন সংসদ সদস্য, গণঅভ্যুত্থানের একজন নেত্রী, তার বাড়িতে আগুন লাগানো হয় এবং সরকারের সেখানে কী ভূমিকা ছিল।

এর আগে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটা টিনশেড আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার ২০ মিটার দূরত্বে তার বাবা-মা—একটা তিনতলা বাড়িতে অবস্থান করেন। এই বাড়িতে কেউ থাকে না, দুটো ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল।

তিনি বলেন, সরজমিনে ঘটনা পরিদর্শন করা হয়েছে। অ্যাডিশনাল এসপি গিয়েছে, থানার ওসি গিয়েছে। আজকে সকালে আমি নিজে কথা বলে এসপিকেও পাঠিয়েছি। বিজিবি টিম ওখানে গিয়েছে, যেহেতু সীমান্তের কাছাকাছি। ফায়ার সার্ভিসের ৯৯৯-এ খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে তারা পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে—যেই কথাগুলো আসছে আগুন লাগানোর—আগুন লেগেছে না লাগিয়েছে? এটা তদন্ত করতে আমি অলরেডি নির্দেশ দিয়েছি যৌথ টিমকে। এখানে বিজিবি থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে এবং সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন থাকবে যৌথভাবে, যেহেতু একজন সংসদ সদস্যের বাড়ি। পরিত্যক্ত হলেও তার অধিকারের বাড়ি।

এ সময় সংসদে বিজিবির প্রতিবেদন পড়ে শোনান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আলামত, স্থানীয় ব্যক্তিবর্গ, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী—সবার সাথে আলোচনা করে যেটা মূল্যায়ন—পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেওয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়াও কোনো সাক্ষীর নিকট হতে পেট্রোল বোমার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি। আর কেয়ারটেকার কিছু জুতো বানানোর জিনিসপত্র আর কিছু কাপড়চোপড় ছিল, আর দুইটা ছাগল ছিল—ছাগলগুলো মারা গিয়েছে।

তিনি আরও বলেন, এখানে ঘটনাস্থলের সবগুলো ছবি, দেওয়াল থেকে শুরু করে সবকিছুর অডিও, ভিডিওসহ সবকিছু আমি কালেক্ট করে দিয়েছি। সমস্ত আলামত প্রাথমিকভাবে যেটা দেখা যায়। তাতে দেখা যাচ্ছে, পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়্যারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে এটা অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে। সবকিছু— এটা অনুমাননির্ভর। তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।

তবে এখানে কেউ যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করে থাকে, সেটা অধিকতর তদন্তের মাধ্যমে যদি প্রকাশ হয়, আমরা সেভাবে ব্যবস্থা নেব—এমন হুঁশিয়ারিও দেন সালাহউদ্দিন আহমেদ। বলেন, ইতিমধ্যে এই ঘটনায় একটা জিডি এন্ট্রি করা হয়েছে। সেই জিডি অনুসারে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তদন্ত করছে। জিডি নম্বর ৭০৩, আজকের ডেটে ১২/১১। এখন তদন্ত প্রক্রিয়াদীন। এ বিষয়ে আর কোনো বিশেষ বক্তব্য আমি দিতে চাই না। তবে যাই হোক, আনঅ্যাটেন্ডেড একটা অনেকটা পরিত্যক্ত বাড়ির মতো, এখানে ইলেকট্রিক ওয়্যারিং অত্যন্ত পুরাতন হওয়ায় একটা বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমাদের প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্যের যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, সেটা দেশের সকলের জন্যই আতঙ্কের বিষয়। আমি আপনাকে অনুরোধ করছি, যত শীঘ্র সম্ভব বিষয়টি তদন্ত করে আপনি সংসদে এটার একটা উত্তর দেবেন। আর যদি জানা থাকে, এই উত্তর এখনই বলতে পারেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি রেডি হয়ে এসেছি। আপনি অনুমতি দিলে বলতে পারি।