যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেবেন কেমব্রিজে বক্তব্য
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আগামী ১৩ নভেম্বর রাতে ঢাকা ছাড়বেন তিনি। সফরে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই নাহিদ ইসলামের প্রথম যুক্তরাজ্য সফর।
সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকগুলোতে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়েও আলোচনা করবেন।
এহতেশাম হক বলেন, ‘নাহিদ ইসলামের এই সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।’
সফরে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়কেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনবেন নাহিদ ইসলাম। আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন।