১১ নভেম্বর ২০২৬, ১৯:০০

আলোর মুখ দেখছে এনসিপির উপদেষ্টা কমিটি—জানালেন সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার  © টিডিসি সম্পাদিত

সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনা এবং বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা বাড়ানোর লক্ষ্যে উপদেষ্টা হিসেবে অবশেষে উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়ে প্রায় চূড়ান্ত এই কমিটি খুব দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করতে যাচ্ছে দলটি। অনেকদিনের আলোচিত 'উপদেষ্টা পরিষদ' শিগগিরিই আলোর মুখ দেখছে বলে জানিয়েছেন সংগঠনের নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।

তিনি বলেন, ‘বিভিন্ন পেশাজীবী সুশীল সমাজের প্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিত্ব যারা ইতিহাস রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল তাদের নিয়ে এনসিপির একটি উপদেষ্টা পরিষদ গঠনের কাজ অনেকদিন ধরেই আমরা এগিয়ে নিচ্ছিলাম। এখন এটা অবশেষে আলোর মুখ দেখার মত একটা অবস্থায় এসেছে। আমাদের কমিটিতে যারা আসবেন উপদেষ্টা পরিষদে তাদের নাম প্রায় চূড়ান্ত হয়েছে। শেষ মুহূর্তের একটা বাছাই এই মুহূর্তে চলছে এবং আমরা আশা করছি যে যেকোনো সময়ে এটা ঘোষণা করা হবে।’

তিনি জানান, ‘উপদেষ্টা পরিষদ গঠনের উদ্দেশ্য হচ্ছে যে, যারা অভিজ্ঞ রাষ্ট্র সমাজ সংস্কৃতি ধর্মসহ বিভিন্ন ক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদেরকে আমরা এখানে আনতে চাই এবং তাদের পরামর্শ মোতাবেক দল পরিচালনা করতে চাই এবং তারা আসার পরে এই উপদেষ্টা পরিষদ কিভাবে কাজ করবে কিভাবে ফাংশন করবে সেটার একটা কার্যপ্রণালী বিধিও তৈরি হচ্ছে। সেই কার্যপ্রণালী বিধি আমাদের গঠনতন্ত্রের অংশ হবে। এই কার্যপ্রণালী বিধি অনুযায়ী তারা দলের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং পলিটিক্যাল কাউন্সিলকে পরামর্শ দেবেন যে কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারা এক ধরনের মতামত দিতে পারবেন। আমাদেরকে উপদেশ দিতে পারবেন এবং আমরা তাদের উপদেশগুলো বিবেচনা করব এবং পলিটিক্যাল কাউন্সিলের যেকোন সিদ্ধান্তকে তারা রিভিউ করে পুনর্বিবেচনা করার প্রয়োজনে পুনর্বিবেচনা করার এখতিয়ারও তাদের থাকবে।’

‘অর্থাৎ এই রেকমেন্ডেশন করার এই সুপারিশ করার এখতিয়ারও তাদের থাকবে। যদিও দলের চূড়ান্ত সিদ্ধান্ত পলিটিক্যাল কাউন্সিল নিয়ে থাকে এবং নেবে। কিন্তু যদি উপদেষ্টা পর্ষদ চায় তারা যে কোন সিদ্ধান্তকে রিভিউ করার জন্য আবারো পাঠাবে পলিটিক্যাল কাউন্সিলের কাছে এবং পুনর্বিবেচনার জন্য সুপারিশ করতে পারবে। তো এভাবেই আমরা নবীন-প্রবীণের সমন্বয়ে এনসিপিকে এগিয়ে নিতে চাই’— যোগ করেন তিনি।

তুষার আরও বলেন, ‘আমরা বলেছি যে, এটা তরুণদের নেতৃত্বে গঠিত দল হলেও এখানে যেকোন বয়সের সব বয়সের মানুষের জন্যই এই এনসিপি উন্মুক্ত থাকবে এবং ভবিষ্যতে উপদেষ্টা পর্ষদে আরো অনেকে যুক্ত হতে পারে। এখন এটা ২১ থেকে ২৫ সদস্যের মধ্যে হবে। তবে ভবিষ্যতে এটা সংখ্যাটা ৩০ এর মত বা ৩১ সদস্যেরও হতে পারে।’

এদিকে, এনসিপি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এনসিপির উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন- সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল  ফজলুর রহমান, সাংবাদিক মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, ডাকসুর সাবেক এজিএস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রফেসর ড. এস এম আবদুল কুদ্দুছ, প্রকৌশলী সাবিনা আহমেদ, অধ্যক্ষ মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী প্রমুখ।

দলীয় সূত্র বলছে, উপদেষ্টা পরিষদের সদস্যরা রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে দলকে বিভিন্ন বিষয়ে কৌশলগত পরামর্শ দেবেন। তাদের দেওয়া পরামর্শগুলো এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এ পর্যালোচনার পর বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।

রাজনীতিতে পরিবর্তনের বার্তা দিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন। কিছুদিন আগে দলটির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে এনসিপি। যার সদস্য সংখ্যা ১৯৫ জন।