৫ লক্ষ নিয়োগ নিয়ে প্রতিমন্ত্রীকে হাসনাত—‘দয়া করে এটা পড়বেন না, এটা ৫ মাস ২২ দিন আগের উত্তর’
পাঁচ লক্ষ কর্মচারী নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ৫ মাস ২২ দিন ধরে একই উত্তর দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সংসদে লিখিত বক্তব্য না পড়তেও জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। বলেছেন, নিয়োগ নিয়ে প্রকৃত কোনো পরিকল্পনা না থাকায় এতদিনেও সরকারের বক্তব্যে কোনো পরিবর্তন আসেনি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে উদ্দেশ্য করে করা এক প্রশ্নের সময় তিনি এমন মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে থেকে পাঁচ মাস ২২ দিন আগে, অর্থাৎ ১৮ মে ২০২৬ সালে এই সরকারের তিন মাস বর্ষপূর্তিতে ঠিক একই উত্তরটি দিয়েছিলেন তৎকালীন সময়ের সম্প্রচার মন্ত্রী যিনি ছিলেন, তিনি। অর্থাৎ গত পাঁচ মাস ২২ দিনে এই উত্তরের কিছুই পরিবর্তন হয়নি। মন্ত্রণালয় থেকে উত্তরটা লিখে দেওয়া হয়েছে এবং আমাদের মন্ত্রী এটাকে জাস্ট রিড আউট করেছেন।
তিনি বলেন, আমি ক্যাটাগরিকেলি বলতে পারি, এই পাঁচ মাস ২২ দিনে তখনো উনি বলেছিলেন যে এই সরকারের হচ্ছে পাঁচ বছরে ৫ লক্ষ কর্মী নিয়োগের—কর্মচারী নিয়োগের কমিটমেন্ট রয়েছে। কিন্তু এই পাঁচ মাস ২২ দিনে কোনো নতুন নিয়োগ হয়েছে কিনা, বা কবে নাগাদ নিয়োগ হবে, এই ধরনের কোনো প্ল্যান কিন্তু এইখানে নাই। মন্ত্রণালয় থেকে যে উত্তরটা দেওয়া হয়েছে, সে উত্তরটা এইখানে দিয়ে দেওয়া হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমার প্রশ্ন হচ্ছে— সরকারের বেকারত্ব নিরসনে নতুন কর্মচারীদের বা কর্মকর্তাদের নিয়োগে আসলেই কোনো—প্র্যাকটিক্যাল কোনো প্ল্যান আছে কিনা? যদি থেকে থাকে সেটা কী? দয়া করে মন্ত্রী এটা থেকে রিড আউট করবেন না, কারণ এটা গত পাঁচ মাস ২২ দিন আগের উত্তর।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, এখানে উল্লেখ করা হয়েছে যে নিয়োগ কার্যক্রম চলছে। ছয় মাস পর পর এটিকে আপডেট করা হয়। এখানে সারাদেশের সকল ডিপার্টমেন্ট এবং বিভাগ—জেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন—সব জায়গাতেই নিয়োগ কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান আছে। আমরা তথ্যগুলো সংগ্রহ করছি, আশা করছি এ বছরের শেষ নাগাদ যে তথ্যগুলো আসবে, সবগুলো একুমুলেট করে জাতীয় সংসদকে অবহিত করা হবে যে আমরা এই সময়ের মধ্যে কতগুলো নিয়োগ সম্পন্ন করেছি।