১০ নভেম্বর ২০২৬, ১১:৪১

হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্গি’ পছন্দ হয়নি বিএনপি নেত্রী পাপিয়ার

বিএনপি নেত্রী পাপিয়া ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর  © টিডিসি সম্পাদিত

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তাকে ‘টেরোরিস্ট’ (সন্ত্রাসী) আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সাবেক সংসদ সদস্য পাপিয়া বলেছেন, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কথা বলার ধরন, ব্যক্তিত্ব ও বাচনভঙ্গিতে সংযত হওয়া উচিত। শেখ হাসিনা আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ফিরতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি।

গতকাল সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘কিসের আবেদন? পালিয়ে গেল কেন যদি আসতে চায়। কিন্তু সে না, তার পরিবারের সবগুলা তো পালিয়ে গেছে। এগুলা হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া ডাকাত, টেরোরিস্ট—হাসিনা বলেন, হাসিনার পরিবারের সদস্যদের বলেন। বাংলাদেশে কীভাবে আসতে হবে? টেরোরিস্টকে চুক্তির মাধ্যমে হ্যান্ডওভার চাওয়া হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে একটি টকশোতে বিএনপির সাবেক সংসদ সদস্য পাপিয়া বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী—উনার যে পারসোনালিটি, বাচনভঙ্গি এবং যেটা থাকা দরকার দায়িত্বশীল ব্যক্তি হিসেবে, এটা উনার থাকা উচিত ছিল। যেকোনো বিষয় নিয়ে ছেলেখেলাভাবে উত্তর, এপ্রোচিং খারাপ করা কিংবা বত্রিশ পার্টি দাঁত বের করে হেসে কাউকে উৎসাহিত করা—এটাও কিন্তু অনুচিত। প্রত্যেকটা জিনিসের একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে, এটা তো মারামারি যুদ্ধক্ষেত্র না।’

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে পাপিয়া বলেন, ‘শেখ হাসিনা তার প্রক্রিয়া মেইনটেইন করে বাংলাদেশে উনি আসতেই পারেন। উনার পাসপোর্ট না থাকলে দূতাবাসে উনি পাসপোর্টের ফর্ম জমা দিবেন, এবং উনি যদি না পারেন ট্রাভেল পাসে উনি আসবেন।’

শেখ হাসিনার পাসপোর্ট ও দেশে ফেরার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। এ বিষয়ে তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।