এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির প্রশংসায় রাশেদ খাঁন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্র শক্তির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। আওয়ামী লীগের অপতৎপরতা দমনে মাঠে থাকায় তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একইসঙ্গে জামায়াত-শিবিরের সমালোচনা করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এটার প্রমাণ আশা করি আপনারা পেয়ে গেছেন। তবে এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তি ছোট হলেও তারাও মাঠে আছে। এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।’
‘বরাবরের মতো গণভবন দখলের কথিত নকশাকাররা দেখিয়ে দিলো কিভাবে জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয়, আর সুসময়ে বিপ্লবীর ভাব ধরতে হয়। তবে বাংলাদেশপন্থী শক্তি তো আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অরক্ষিত রাখতে পারে না’, যোগ করেন তিনি।
আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
এ কারণে সারারাত ছাত্রদল রাজপথ পাহারা দিয়েছে উল্লেখ করে মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছে। আজও সারাদিন রাজপথে থাকবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে যেখানে অগ্নিসহিংসতা করার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে।’