১০ নভেম্বর ২০২৬, ০৮:০৬

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন, কোন বিভাগের দায়িত্বে কে

এনসিপির লোগো   © সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা, কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য নির্বাচনবিষয়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন। এ ছাড়া ঢাকা মহানগরসহ দেশের আট বিভাগ ও বিভিন্ন সাংগঠনিক অঞ্চলের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে নেতাদের মধ্যে।

সোমবার (৯ নভেম্বর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটিতে ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার।

ঢাকা বিভাগ উত্তর অঞ্চলের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। ঢাকা বিভাগ দক্ষিণের দায়িত্বে রয়েছেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।

চট্টগ্রাম বিভাগ উত্তরের দায়িত্ব পেয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণের দায়িত্বে রয়েছেন সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. আতিক মুজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ। খুলনা বিভাগের দায়িত্বে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম, ব্যারিস্টার সানি আব্দুল হক ও আবু সাঈদ লিওন। ময়মনসিংহ বিভাগের দায়িত্বে রয়েছেন আব্দুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান।

সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ। বরিশাল বিভাগের দায়িত্বে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।

এ ছাড়া পদাধিকারবলে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব এবং দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা, কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।