০৯ নভেম্বর ২০২৬, ২০:৫৫

সততা ও সৈনিকদের আস্থায় সংকটকালের নায়ক জিয়া

তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান  © ফাইল ছবি

বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে ১৯৭৫ সালের ৩ থেকে ৭ নভেম্বর ছিল এক চরম অনিশ্চয়তা, ষড়যন্ত্র, পাল্টা অভ্যুত্থান ও রক্তপাতের সময়। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশ ও সেনাবাহিনীর ভেতরে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা একপর্যায়ে সেনাবাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম করে। একের পর এক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, সেনা কর্মকর্তাদের হত্যা এবং সাধারণ সৈনিকদের বিদ্রোহী অবস্থান গোটা রাষ্ট্রব্যবস্থাকে ঠেলে দিয়েছিল গভীর সংকটের দিকে। সেই সংকটের কেন্দ্রেই ছিলেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

যে জিয়াউর রহমান একসময় সাধারণ সৈনিকদের মধ্যে ব্যক্তিগত সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের কারণে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন, ১৯৭৫ সালের নভেম্বরের ঘটনাপ্রবাহে সেই গ্রহণযোগ্যতাই আবার দৃশ্যমান হয়ে ওঠে। ৩ নভেম্বর সেনানিবাসের ৬ নম্বর মইনুল রোডের বাসভবনে সপরিবারে গৃহবন্দি হন তিনি। কিন্তু চার দিনের মাথায় তার মুক্তির জন্য সেনাবাহিনীর একটি অংশের সৈনিক ও কর্মকর্তারা যে উদ্যোগ নেন, তার পেছনে কাজ করেছিল জিয়ার প্রতি তাদের আস্থা, আবেগ ও আনুগত্য।

অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকের বর্ণনা এবং মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর (অব.) স্মৃতিকথা ‘এক জেনারেলের নীরব সাক্ষ্য: স্বাধীনতার প্রথম দশক (১৯৭১–১৯৮১)’-এর বিবরণে জিয়ার এই ব্যক্তিগত গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ চিত্র পাওয়া যায়।

সততার প্রতীক হয়ে ওঠা একটি চিরকুট
১৯৭৫ সালের ৬ নভেম্বর। সেনাপ্রধান জিয়াউর রহমান তখনও নিজের বাসায় সপরিবারে বন্দি। বাইরে সেনানিবাসে চলছে নানা সমীকরণ, অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের প্রস্তুতি। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি সেনাবাহিনীর কাউকে ক্ষমতা পুনরুদ্ধারের জন্য হুমকি দেননি কিংবা নিজের পদমর্যাদা ব্যবহার করে কোনো বিশেষ সুবিধা দাবি করেননি। বরং নিজের ভবিষ্যৎ আবাসন ও পেনশনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে সেনাসদরে একটি ছোট্ট চিরকুট পাঠান।

মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকের বর্ণনা অনুযায়ী, ৬ নভেম্বর সকালে নিরাপত্তার দায়িত্বে থাকা ক্যাপ্টেন হাফিজ উল্লাহর মাধ্যমে চিরকুটটি সেনাসদরের কর্নেল এডমিন আমিন আহমেদের কাছে পাঠান জিয়া। তাতে নিজের জন্য দুই বেডরুমের একটি ভাড়া বাসা এবং ব্যাংক হিসাবে টাকা না থাকায় পেনশনের ব্যবস্থা দ্রুত করার অনুরোধ জানান তিনি।

চিরকুটটি পেয়ে কর্নেল আমিন হেঁটে সরাসরি দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে যান। পরে সেটি রেজিমেন্টের অধিনায়ক মেজর মহিউদ্দীনের হাতে তুলে দেন। সুবেদার মেজর আনিসুল হক রেজিমেন্টের কর্মকর্তা ও সৈনিকদের সামনে চিঠিটি পড়ে শোনান। চিঠির বিষয়বস্তু তাদের (সাধারণ সৈনিক) আবেগাপ্লুত করে তোলে। চার বছর আগে মুক্তিযুদ্ধে জিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা সৈনিকদের কাছে তাদের সাবেক সেনানায়কের এমন অসহায় অবস্থান ছিল গভীর বেদনার।

সৈয়দ আবু বকর সিদ্দিকের ভাষ্য অনুযায়ী, চিঠিটির বক্তব্য শোনার পর কয়েকজন সৈনিক বলেন, চার বছর আগে যার সঙ্গে একসঙ্গে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, তার প্রতি এমন আচরণ তারা মেনে নিতে পারেন না। প্রয়োজনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

একটি ছোট্ট চিরকুট এভাবেই সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিটের কর্মকর্তা ও সৈনিকদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করে। এখানে জিয়ার ব্যক্তিগত সততার পাশাপাশি তার প্রতি দীর্ঘদিনের আস্থার বিষয়টিও সামনে আসে। বন্দিদশায় থেকেও নিজের ক্ষমতা বা পদ ফেরত পাওয়ার দাবি না তুলে সাধারণ নাগরিকের মতো বাসা ও পেনশনের ব্যবস্থা চাওয়ার ঘটনাটি সৈনিকদের কাছে তার ব্যক্তিত্বের একটি বিশেষ দিক তুলে ধরে।

সৈনিকদের আস্থায় মুক্তির পরিকল্পনা
মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকের বর্ণনা অনুযায়ী, চিরকুটের বিষয়টি জানার পর ৬ নভেম্বর দুপুরে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির অধিনায়ক মেজর মহিউদ্দীনের কার্যালয়ে জিয়াউর রহমানকে মুক্ত করার পরিকল্পনা করা হয়। রেজিমেন্টের ইতিহাসেও ওই সময়ের ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

৬ নভেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে অভিযান চালিয়ে বন্দি সেনাপ্রধানকে মুক্ত করা হয়। দ্বিতীয় ফিল্ড আর্টিলারির কর্মকর্তা ও সৈনিকদের অংশগ্রহণে পরিচালিত এই অভিযান ছিল রক্তপাতহীন। মুক্তির পর নিরাপত্তার জন্য রাত ১টার দিকে জিয়াকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকেই তিনি আবার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর (যিনি পরবর্তীকালে বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা) স্মৃতিকথায়ও ৭ নভেম্বর মধ্যরাতের পর জিয়াউর রহমানকে মুক্ত করার ঘটনাটির বিবরণ রয়েছে। তার বর্ণনায়, শতাধিক সামরিক ও বেসামরিক পোশাকধারী ব্যক্তি গুলি ছুড়তে ছুড়তে জিয়ার শহীদ মঈনুল রোডের বাসভবনে প্রবেশ করেন। তাদের স্লোগান ছিল ‘জিয়াউর রহমান জিন্দাবাদ’। পরে তাকে বন্দিদশা থেকে মুক্ত করে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ইউনিটে নিয়ে যাওয়া হয়।

এই দুটি বিবরণে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে—সেনাবাহিনীর অভ্যন্তরে চরম অস্থিরতার মধ্যেও জিয়াউর রহমানের প্রতি একটি উল্লেখযোগ্য অংশের সৈনিকদের ব্যক্তিগত আনুগত্য ও আস্থা অটুট ছিল।

শুধু পদমর্যাদা নয়, ব্যক্তিত্বের শক্তিতেই গ্রহণযোগ্যতা
সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের মধ্যে জিয়ার গ্রহণযোগ্যতার আরেকটি দিক উঠে এসেছে জেনারেল মইনুল হোসেন চৌধুরীর স্মৃতিকথায়। ৭ নভেম্বরের পর সৈনিকদের মধ্যে অফিসারবিরোধী ক্ষোভ ও বিদ্রোহী মনোভাব চরম আকার ধারণ করে। সেনাবাহিনীর প্রচলিত শৃঙ্খলা ও কর্তৃত্ব কাঠামো তখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।

এমন পরিস্থিতিতে জিয়াউর রহমান সৈনিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের নানা দাবি-দাওয়া মেনে নেওয়া সম্ভব নয় জানিয়ে একপর্যায়ে নিজের কোমরের সেনাবাহিনীর বেল্ট খুলে মাটিতে ছুড়ে ফেলেন। তিনি সেনাপ্রধানের দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন। লেখকের বিবরণ অনুযায়ী, তার এই দৃঢ় অবস্থানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

ঘটনাটি জিয়ার নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তিনি শুধু পদমর্যাদার জোরে সৈনিকদের নিয়ন্ত্রণ করতে চাননি; বরং নিজের ব্যক্তিত্ব, দৃঢ়তা ও দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে তাদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করেছিলেন। সৈনিকদের ক্ষোভের মুখেও তিনি তাদের সামনে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন। কঠোর ব্যক্তিত্বের বহিঃপ্রকাশও দেখিয়েছেন।

মইনুল হোসেন চৌধুরীর মূল্যায়নে জিয়াউর রহমানের ব্যক্তিগত সততা ও ব্যাপক জনপ্রিয়তা সে সময় সেনাবাহিনীকে সম্পূর্ণ ভেঙে পড়ার পরিস্থিতি থেকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে ৭ নভেম্বরের সব সৈনিকের অবস্থান এক ছিল না। বিভিন্ন কোরের সৈনিকদের অংশগ্রহণ ও প্রতিক্রিয়ায় পার্থক্য ছিল। ফলে জিয়ার জনপ্রিয়তাকে সেনাবাহিনীর প্রতিটি সদস্যের অভিন্ন অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই।

১৯৭১ থেকে ১৯৭৫: সংকটে সামনে আসা এক সামরিক নেতৃত্ব
জিয়াউর রহমানের এই গ্রহণযোগ্যতার ভিত্তি অবশ্য ১৯৭৫ সালে তৈরি হয়নি। এর পেছনে ছিল মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ও সামরিক জীবনের দীর্ঘ পথচলা।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর পর দেশ কার্যত নেতৃত্ব ও নির্দেশনাহীন এক চরম সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। পরে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তিনি। মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব ও ভূমিকা তাকে জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দেয়।

মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সাহসিকতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বীর উত্তম খেতাব পান। স্বাধীনতার পরও সেনাবাহিনীতে তাঁর পেশাদারিত্ব ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যায়।

অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকের একটি বিশেষ পর্যবেক্ষণ হলো, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে তিনবার সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার বর্ণনায় প্রথমবার ২৬ মার্চ ১৯৭১, দ্বিতীয়বার ২৪ আগস্ট ১৯৭৫ এবং তৃতীয়বার ৭ নভেম্বর ১৯৭৫। তবে ১৯৭১ সালের ২৬ মার্চের ঘটনাকে আনুষ্ঠানিক সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ হিসেবে গণ্য করা নিয়ে ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক ব্যাখ্যার পার্থক্য রয়েছে। এটি সৈয়দ সিদ্দিকের নিজস্ব ঐতিহাসিক ব্যাখ্যা হিসেবেই বিবেচ্য।

৩ থেকে ৭ নভেম্বর: জীবনসংকট থেকে নেতৃত্বের কেন্দ্রে
১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ জিয়াউর রহমানের জীবনের এক নাটকীয় অধ্যায়। একদিকে তিনি ছিলেন গৃহবন্দি, অন্যদিকে সেনাবাহিনী ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চলছিল গভীর অনিশ্চয়তা। সেই সময়ে তার জীবনও যে ঝুঁকির বাইরে ছিল না, তা পরবর্তী ঘটনাপ্রবাহে স্পষ্ট হয়।

কিন্তু কয়েকদিনের ব্যবধানে পরিস্থিতি পাল্টে যায়। যে সেনাপ্রধানকে বাসভবনে বন্দি করে রাখা হয়েছিল, সাধারণ সৈনিকদের একটি অংশের উদ্যোগে তিনিই আবার সেনাবাহিনীর নেতৃত্বের কেন্দ্রে ফিরে আসেন। ৭ নভেম্বর সকালে জাতির উদ্দেশে বক্তব্য দিয়ে তিনি সেনাবাহিনীতে চেইন অব কমান্ড ফিরিয়ে আনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতার আহ্বান জানান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তার স্বাধীনতার ঘোষণা প্রচার এবং ১৯৭৫ সালের নভেম্বরের সংকটে সেনাবাহিনীর নেতৃত্বে ফিরে আসার ঘটনাকে পাশাপাশি রাখলে তার সামরিক জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য সামনে আসে—জাতীয় ও সামরিক সংকটের মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে মতপার্থক্য থাকতে পারে। তার শাসনামল, রাজনৈতিক সিদ্ধান্ত ও পরবর্তী ক্ষমতার রাজনীতি নিয়ে সমালোচনাও রয়েছে। কিন্তু সাধারণ সৈনিকদের মধ্যে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, মুক্তিযুদ্ধের ভূমিকা এবং ১৯৭৫ সালের নভেম্বরের সংকটে তার প্রত্যাবর্তন বাংলাদেশের সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

একজন সেনানায়কের প্রকৃত শক্তি কেবল তার কাঁধের র‍্যাংক ব্যাজ কিংবা হাতে থাকা ক্ষমতায় নয়; অধীনস্থদের আস্থা অর্জনেও। ১৯৭৫ সালের ৬ নভেম্বরের সেই চিরকুট এবং পরদিন জিয়ার মুক্তির ঘটনাপ্রবাহ সেই আস্থারই একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক দৃষ্টান্ত।