বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাসেবক দলের পদ
বগুড়ায় জুলাই আন্দোলনের সময় জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার ১৪ নম্বর আসামি মো. ফিরোজ তানভীরকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত বছরের ১৯ ফেব্রুয়ারি ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ রয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তানভীরকে সেচ্ছাসেবক দলের সদস্য করা হয়েছে।
সেচ্ছাসেবক দলে পদ পাওয়া মো. ফিরোজ তানভীর বগুড়া শহরের আটাপাড়ার আবু খালেকের ছেলে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত একাধিক ব্যক্তির অভিযোগ, তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর হয়ে কাজ করতেন। এ ছাড়া ভারতে পলাতক বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
জুলাই আন্দোলনের সময় বগুড়া শহরের গালাপট্টিতে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তানভীরের নাম রয়েছে ১৪ নম্বর আসামি হিসেবে। অভিযোগ রয়েছে, বগুড়া শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার শান্তর কমিটিতে পদও পেয়েছিলেন মো. ফিরোজ তানভীর।
এ বিষয়ে জানতে চাইলে সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কমিটি হয়েছে দেড় বছর আগে। তারপরও যদি এমন হয়ে থাকে, তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লোহার রড, লাঠি, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে বগুড়া শহরের গালাপট্টিতে অবস্থিত শহর বিএনপির কার্যালয়ে হামলা চালান।
তৎকালীন জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী ওই হামলায় অংশ নেন। হামলাকারীরা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় কার্যালয়ের ১৩০টি প্লাস্টিকের চেয়ার, আটটি সিলিং ফ্যান, ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, আলমারি, আইপিএস ও ব্যাটারিসহ মোট ১ লাখ ৯৪ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কয়েকজন হামলাকারী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন এবং পেট্রোলবোমা নিক্ষেপ করে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
ওই ঘটনায় শুভাশিষ পোদ্দার লিটনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। মামলার এজাহারে মো. তানভীরের নাম ১৪ নম্বরে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, ‘দেড় বছর আগে জেলা সেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি কেউ পদ পেয়েছেন কিনা সেটি আমার জানা নেই। মামলার কাগজ পাঠালে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ বলেন, ‘একটি এলাকায় একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারে। নামের মিলের কারণে মামলায় নাম থাকতে পারে।’ সেচ্ছাসেবক দলে পদ পাওয়া এবং বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া ব্যক্তি একই; কেননা তার বাড়ি এবং বাবার নামও একই- বিষয়গুলো যাচাই করা হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বিষয়টি খোঁজ নিতে হবে। এ বিষয়ে সভাপতির সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে বিস্তারিত জানাব।’
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফিরোজ তানভীরকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।