০৯ নভেম্বর ২০২৬, ১৮:৩৭

হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল

ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল  © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শপথ নিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়েছেন। সেখানে চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় তাঁরা শপথবাক্য পাঠ করেন। শপথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করতে দেখা যায় তাঁদের।

শপথে তারা বলেন, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধু কন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’