এনসিপিতে নাহিদের আহবায়ক পদ নিয়ে পদত্যাগী নেত্রী সামান্তার প্রশ্ন, জবাব দিলেন এমপি আতিক মুজাহিদ
রাজনৈতিক জোট গঠন ও সংস্কার বিষয়ে প্রশ্ন তুলে গত ৫ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এরপরই দলটির সর্বোচ্চ নেতা ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের আহ্বায়ক পদ নিয়ে প্রশ্ন তোলেন সামান্তা শারমিন।
তিনি বলেন, নাহিদ ইসলাম আহ্বায়ক হলেন উনি কিসের ভিত্তিতে আহ্বায়ক হলেন? কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তিনি আহ্বায়ক হলেন? উনি তো নির্বাচিত না।
তার এমন প্রশ্নের জবাবে এনসিপির সংসদ সদস্য (এমপি) আতিক মুজাহিদ আজ সোমবার তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আপনি এত দিন সিনিয়র নেত্রী ও রাজনৈতিক পর্ষদে ছিলেন—কোন মানদণ্ড বা ক্রাইটেরিয়ায় সেই দায়িত্ব পেয়েছিলেন, সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে।’
তিনি আরও লেখেন, ‘নাহিদ ইসলাম এর লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তোলার আগে মনে রাখা প্রয়োজন, তিনি ঐতিহাসিক এক দফার ঘোষক। দ্বিতীয়ত, আমরা সবাই মিলে তাঁকে আমন্ত্রণ জানিয়েছি, আলোচনা করেছি এবং নিজেদের সম্মতির ভিত্তিতেই তাঁকে এই পদে দায়িত্ব দিয়েছি। তিনি তো নিজের আগ্রহে আসেননি; আমাদের সবার আমন্ত্রণেই উপদেষ্টার পদ ছেড়ে এখানে এসেছিলেন।’
আতিক মুজাহিদ বলেন, ‘আপনি কি কাটাবনের সেই হোটেলে অনুষ্ঠিত মিটিংয়ের কথা ভুলে গেছেন? সেদিনের আলোচনা, সিদ্ধান্ত ও সম্মিলিত ঐকমত্যের বিষয়গুলো কি এখন আর মনে নেই? মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু অতীতের সিদ্ধান্ত ও সম্মিলিত প্রক্রিয়ার প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকা উচিত ‘
এর আগে সামান্তা শারমিন জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি, নির্বাচনী কৌশল নিয়ে অসন্তোষ রাজনীতিতে নারীর অধিকার ও অংশগ্রহণও কাউন্সিল ছাড়াই দল পুনর্গঠন এই চারটি প্রধান বিষয় তুলে ধরে পদত্যাগ করেন।