নতুন পাসপোর্ট ও আইডি কার্ড চেয়ে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন হাসিনা
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের মাধ্যমে এ আবেদন করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই হাসিনার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার পর থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনকে তার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তার এই উদ্যোগে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।
হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। সোমবার তার সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থান করে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
রয়টার্সের দেখা চিঠিতে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে আবেদনটি পাঠান। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদের অধীনে বাংলাদেশের দায়বদ্ধতার ভিত্তিতে আবেদনগুলো বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে রয়টার্স মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
শেখ হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অন্যদের অনেকে ভারতে কিংবা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।
বিভিন্ন মেয়াদে মোট ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একাংশের মানুষের মধ্যে তার সমর্থন রয়েছে। তার দেশে ফেরা রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। অন্যদিকে, তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক টানাপোড়েন কমার সম্ভাবনাও দেখছে সংবাদমাধ্যমটি।