‘বিএনপির কেউ হলে কথা বলা যায়, রাশেদের কথার কাউন্টার দেওয়ার ইচ্ছা-সুযোগ-সময় জামায়াতের নেই’
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অভিযোগ, অডিও-ভিডিও এবং দলীয় অবস্থান নিয়ে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের ধারাবাহিক পাঁচটি স্ট্যাটাসের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আমির হামজার ব্যক্তিগত সচিব (পিএস) মোমিন বিশ্বাস। রাশেদ খাঁনের অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, আমির হামজার পেছনে অযথাই লাগা হয়েছে। একই সঙ্গে রাশেদ খাঁনের বক্তব্যের জবাব দেওয়ার কোনো ইচ্ছা, সুযোগ কিংবা সময় জামায়াতের নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
রবিবার (৮ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে রাশেদ খাঁনের স্ট্যাটাসের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এসব কথা বলেন মোমিন বিশ্বাস।
আমির হামজাকে ঘিরে অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ঘটনা কিছুই না। এটা জাস্ট ব্লেম দেওয়া ছাড়া আর কিছু নয়। আমির হামজার পেছনে অযথাই লাগানো হয়েছে।’
আমির হামজার ফোন বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, ‘এমপি সাহেবের ফোন বন্ধ। কেন্দ্র থেকে তাকে কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে আমির হামজার কোনো ব্যাখ্যা আছে কি না, জানতে চাইলে মোমিন বিশ্বাস বলেন, ‘এরকম কোনো কিছু নেই। এখন ওই কুকুর ঘেউ ঘেউ করবেই। আমরা ওই কুকুরের ঘেউ ঘেউ শুনে যদি আবার লাঠি হাতে নিই, তাহলে পরিবেশ নষ্ট হবে।’
রাশেদ খাঁনের বক্তব্যের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, এটা রাশেদ খানের কোনো বিষয় নয়। বিএনপির কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তি কথা বললে সেটা নিয়ে কথা বলা যায়। রাশেদ খাঁনের কথার কাউন্টার দিতে গেলে জামায়াত চলবে নাকি? যার হাত-পা মাথা নেই, যার কোনো অস্তিত্ব নেই, যে সকালে একটা দল করে, বিকেলে একটা দল করে—তার কথার প্রতিবাদ বা কাউন্টার দেওয়ার কোনো ইচ্ছা, সুযোগ কিংবা সময় জামায়াতের নেই।’
এর আগে, আমির হামজাকে নিয়ে বৃহস্পতিবার রাত থেকে রবিবার পর্যন্ত ধারাবাহিক পাঁচটি স্ট্যাটাস দেন রাশেদ খাঁন। এসব স্ট্যাটাসে তিনি আমির হামজার বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগ তুলে ধরার পাশাপাশি অডিও-ভিডিওর সত্যতা যাচাই, জামায়াতের শীর্ষ নেতৃত্বের ভূমিকা এবং দলটির সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
বৃহস্পতিবার রাতে দেওয়া প্রথম স্ট্যাটাসে আমির হামজার একটি অডিও শেয়ার করেন রাশেদ খাঁন। ক্যাপশনে লেখেন, ‘জামায়াত এমপি আমির হামজার নিজের মুখেই অপরাধের স্বীকারোক্তি!’