বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতাকে মারধরের অভিযোগ
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের এক সাবেক সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
আজ শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। আহত রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য।
রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন বলে দাবি করেন তিনি।
হামলার কারণ সম্পর্কে রাব্বি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তিরা আওয়ামী লীগ নেতা টুটুলের অনুসারী ছিলেন। ওই সময় তাঁরা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দোকানেও চাঁদা চাইতে গিয়েছিলেন তাঁরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি রাব্বির।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘আমরা তখন মঞ্চে ছিলাম। ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’