৩১ অক্টোবর ২০২৬, ০০:১৬

ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার

দল থেকে বহিষ্কৃত গণঅধিকার পরিষদ নেতা   © টিডিসি ছবি

পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় জনতার হাতে আটক গণঅধিকার পরিষদের নেতা মনির মীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক ছিলেন।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে তাঁকে আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কারাদেশ জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর তিনি গণঅধিকার পরিষদের ওই পদবি ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়।

গণঅধিকার পরিষদের ২ নম্বর গোলখালী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মজিবুর রহমান ও সদস্যসচিব মো. রেজাউল হাওলাদার স্বাক্ষরিত বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, মনির মীরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় মনির মীরকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্যও। পরে শুক্রবার সকালে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, আটকের সময় মনির মীরের কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।