ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দিতে কেন্দ্রে প্রবেশের আগে ও পরে সেখানে উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফয়সল আমীন।
ভোটপ্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেন, সবেমাত্র ভোটগ্রহণ শুরু হয়েছে। আমি ভোট প্রদান করেছি। প্রত্যাশা বড়সড়ো জয়। আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করবো, ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় এটা নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।