২৮ অক্টোবর ২০২৬, ১৪:৪২

পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা  © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার কমিটির নির্বাচনে পছন্দের প্রার্থী হেরে যাওয়ায় স্থানীয় নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন সন্ধ্যায় গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফারুক আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। ফেসবুকে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে স্থানীয়ভাবে পরিচিত তিনি।

স্থানীয় বাসিন্দাদের মতে, সোমবার আধুনগর বাজার কমিটির সভাপতি পদে নির্বাচন হয়। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা আলাদা প্রার্থীর পক্ষে ছিলেন। ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এরপর নির্বাচনে জামায়াতের স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন ফারুক। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা প্রতিশ্রুতি দিয়েও তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।

পরে রাতে বাজারে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে ফেসবুকে দেওয়া আরেক ভিডিওতে জামায়াতের স্থানীয় দায়িত্বশীলদের চোর, ডাকাত, ভোট চোর অভিযুক্ত করেন ফারুক।

তার মতে, তিনি জামায়াতের কোনো নেতা বা কর্মী নন, তবে দলটিকে সমর্থন করতেন। আধুনগর ইউনিয়নে দলটির দায়িত্বে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ড পছন্দ না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

তবে বাজার কমিটির নির্বাচনে দলীয় সমর্থনের বিষয়টি অস্বীকার করেছেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের। তিনি বলেন, ফারুক তাদের সমর্থক হিসেবে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো পক্ষকেই সমর্থন দেয়নি। সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় আবেগের বশে তিনি এমনটি করে থাকতে পারেন।