২৮ অক্টোবর ২০২৬, ১১:৫১

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

উত্তর তেমুহনী থেকে শাহেদকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ  © টিডিসি ফটো

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ৮ টার দিকে উত্তর তেমুহনী থেকে শাহেদকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। 

গ্রেপ্তার শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে ও দালালবাজার ডিগ্রী কলেজের দ্বাদশশ্রেণী ছাত্রদলের সাবেক আহবায়ক। ভুক্তভোগী জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।  

জানা গেছে, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েলকে পেটানোর ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যহতি দেওয়া হয়। একই দিন রাতে জুয়েলের বাবা শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জনকে আসামি করা হয়েছে। 

এজাহারে উল্লেখ করা হয়, একটি মোবাইল বেচাকেনা নিয়ে জুয়েল ও শাহেদদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় রবিবার রাতে সাহাপুর এলাকায় বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা করা হয়। এ সময় তাকে লাঠিসোঁটা নিয়ে পেটানো হয়। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের তার ওপর হামলা হয়।

এ সময় তাকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথিসহ হাসপাতালের জরুরি বিভাগে থাকা কাঠের চেয়ার দ্বারা পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। অভিযুক্তরা হাসপাতালের আসবাবপত্রও ভাঙচুর করে। পরে জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।