২৭ অক্টোবর ২০২৬, ২০:৩৪

বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তি ও প্রতিটি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি সিপিবির

সিপিবির মিছিল  © সংগৃহীত

বিদেশে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা, কারাবন্দিদের মুক্তিতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং প্রবাসীদের প্রতিটি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর এবং তাদের জীবন রক্ষায় সরকারের উদ্যোগের অভাবের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানায় দলটি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীর উদ্বেগজনক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও রায়ের পূর্ণাঙ্গ বিবরণ বাংলাদেশের সরকারের কাছে থাকা প্রয়োজন ছিল। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে তারা কিছুই জানত না।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের ব্যর্থতা এবং মৃত্যুর পর তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্য প্রবাসী শ্রমিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতার ঘাটতি তুলে ধরেছে।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকে। অথচ তাঁদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর ভূমিকা দেখা যায় না। বিদেশে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের অধিকার সুরক্ষায় কূটনৈতিক তৎপরতা, আইনি সহায়তা এবং জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে কারাবন্দি বাংলাদেশি নাগরিকদের মুক্ত করতে সরকারকে অবিলম্বে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ইউক্রেনসহ সংঘাতপূর্ণ অঞ্চলে জোরপূর্বক সামরিক কাজে নিয়োজিত করা বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না। তিনি বিদেশে আটক বাংলাদেশিদের তালিকা প্রণয়ন, রাষ্ট্রীয় খরচে আইনি সহায়তা প্রদান, নিয়মিত কারাগার পরিদর্শন এবং বন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার বলেন, সরকারের অবহেলার প্রতিবাদে প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিলে তা হবে আইনি সহায়তা থেকে বঞ্চিত বন্দি এবং নিজ দেশের সরকারের কাছ থেকে অবহেলার শিকার অসহায় প্রবাসীদের ক্ষোভের প্রকাশ।

সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান। সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।