২৭ অক্টোবর ২০২৬, ১৬:১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও এক এমপি পাচ্ছে বিএনপি

এলিজা জামান  © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি হচ্ছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। যুগ্ম সচিব মঈন উদ্দিন খান এই ঘোষণা দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনটিতে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। আইনি প্রক্রিয়া, আপিল নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হলে তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

রাজধানীর মিরপুরে একটি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফশিল দেয় নির্বাচন কমিশন। পরবর্তীতে বেশ কয়েকজন মনোনয়নপত্র কিনলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এলিজা জামানকে এই আসনে চূড়ান্ত প্রার্থী করা হয়।