ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক
রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা করা হবে এবং দোকানের মালামাল ক্রোক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর সুযোগ নেই। যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য অবৈধ হকার ও ভাসমান দোকানকে দায়ী করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে মালিবাগে ডিএসসিসি আয়োজিত বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য বহুলাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকান। ঢাকাবাসী তথা সিটি করপোরেশন এই দুর্ভোগ থেকে মুক্তি চায়। মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই। ডিএসসিসি নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালেই মালামাল জব্ধ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় ডিএসসিসি প্রশাসক জমে থাকা বর্জ্য পরিষ্কার এবং অবৈধ দোকান অপসারণের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
অভিযানের মাধ্যমে সড়ক ও ফুটপাত পরিষ্কার রাখা, মশক নিধন এবং পথচারীদের চলাচলে বাধা দূর করার কার্যক্রম পরিচালনা করে ডিএসসিসি।