২৪ অক্টোবর ২০২৬, ১৬:৩৬

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের, আহত ২

দুই পুলিশ সদস্যকে মারধর   © টিডিসি ফটো

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর ও দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সংগঠনটির নেতাকর্মীরা নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় যান মিছিলকারীরা। সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।