সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের নিন্দা
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
শনিবার (২৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।