গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। জানে আলম মিয়া কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লিখিত বিবৃতিতে পদত্যাগের কারণ হিসেবে বয়সজনিত নানা শারীরিক জটিলতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁটুর ব্যথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। এসব কারণে তাঁর পক্ষে আর রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
বিবৃতিতে তিনি আরও জানান, নিজের জ্ঞান ও বিবেচনায়, স্বেচ্ছায় এবং কারও চাপ ছাড়াই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ-পদবি থেকে স্থায়ীভাবে পদত্যাগ করেছেন।
জানে আলম মিয়া (বিরু) বলেন, এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না। তিনি অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দেবেন না। জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত ও পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে কাটাতে চান।