২৩ অক্টোবর ২০২৬, ১৬:১৩

ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে করেছেন চেয়ারম্যান নির্বাচন, এবার যোগ দিলেন জামায়াতে

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা   © টিডিসি ছবি

সাতক্ষীরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর সাবেক চেয়ারম্যান প্রার্থী ও কার্ডধারী সদস্য আলহাজ্ব মোঃ ফারুক হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের হাতে হাত রেখে তিনি এই যোগদানের ঘোষণা দেন।

আলহাজ্ব মোঃ ফারুক হোসেন সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সক্রিয় কর্মী হিসেবে কার্ডধারী সদস্য ছিলেন এবং পরবর্তীতে দলটির মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এই বিশেষ যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক এবং সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন উপস্থিত ছিলেন। 

এছাড়া অন্যান্য স্থানীয় নেতাদের মধ্যে সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না এবং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশারসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবাগত নেতাকে স্বাগত জানান।