কোন ধর্মাবলম্বীদেরকেই ছোট করা যাবে না: শিক্ষামন্ত্রী
এদেশের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার আছে। ধর্ম পালনেও সকলের সমান সুযোগ রয়েছে। তাই কোন ধর্মাবলম্বীদেরকেই ছোট করা যাবে না বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
বৃহস্পতিবার (২২অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে কচুয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শারদীয় দূর্গা পূজা-২০২৬ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আরও বলেন, ‘দেশে এবারই প্রথমবার প্রধানমন্ত্রী নিজে পূজার ছুটি বাড়িয়ে দিয়েছেন। আমরা সবাই এই দেশের নাগরিক। যদি কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়- তাদেরকে আইনানুগভাবে প্রতিরোধ করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি কোন রাজনীতির গুটি নয়। এজন্য সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আরো বলেন, ‘আমি শিক্ষা এবং এলাকার (কচুয়া) উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছি, তাই আপনাদের সকলকে একত্রে কাজ করতে হবে। এখানে কোন অন্যায় সহ্য করা হবে না। মাদকসহ যেকোন অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসাথে সোচ্চার করতে হবে।’
মতবিনিময়কালে কচুয়াতে শারদীয় দূর্গা পূজা-২০২৬ উদযাপনে সার্বিক সহযোগিতার জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান 'কচুয়া পূজা উদযাপন পরিষদ কমিটি।
এসময় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি,কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো: কচি, উপজেলা বিএনপি’র মুখ্য সমন্বয়ক শাহ জালাল প্রধান, উপজেলা বিএনপি'র সিনি. সহ-সভাপতি আজিজ মাস্টার, বিএনপি'র সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাছির,কচুয়া উওর বিএনপি'র সাধা: সম্পাদক ইউসুফ মিয়াজি, উপযেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ফনী ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা-সহ উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।