২২ অক্টোবর ২০২৬, ১৪:৫৯

ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান

ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা কামাল আহমদ  © টিডিসি ফটো

ভারতে পালানোর সময় সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে তাঁকে আটক করা হয়।

তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর গোয়াইনঘাট থানাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য চেকপোস্টে উপস্থিত হন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।

কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে জৈন্তাপুর থানা পুলিশ।

তবে কোন কোন মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং আটকের পর তার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।