২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭

কক্সবাজার সফরে বিরোধীদলীয় নেতার পরিবারের ৭ সদস্য, প্রস্তুত সার্কিট হাউস

কক্সবাজার সমুদ্রসৈকত  © সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের পরিবারের সাত সদস্য চার দিনের সফরে কক্সবাজার আসছেন। তাঁদের সফর উপলক্ষে অবস্থানকালীন সময়ে কক্সবাজার সার্কিট হাউসে প্রয়োজনীয় কক্ষ বরাদ্দের ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১১ অক্টোবর বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি সংশোধিত চিঠি কক্সবাজারের জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের স্ত্রী-সন্তানসহ পরিবারের সাত সদস্য আগামী ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন করবেন।

সফরকালে ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত তাঁদের কক্সবাজারে অবস্থানের কথা রয়েছে। এ সময় পরিবারের সদস্যদের থাকার সুবিধার্থে কক্সবাজার সার্কিট হাউসে প্রয়োজনীয় কক্ষ বরাদ্দের ব্যবস্থা নিতে চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সফর শেষে আগামী ২৩ অক্টোবর ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন তাঁরা।

এদিকে, বিরোধীদলীয় নেতার পরিবারের সদস্যদের এ সফরকে কেন্দ্র করে সার্কিট হাউসে আবাসন ব্যবস্থার প্রস্তুতির বিষয়টি সংশ্লিষ্ট চিঠিতে গুরুত্ব পেয়েছে।