দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন—এমন অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।
সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর শ্রীশ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, ‘আজ (সোমবার) মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হল। কিন্তু আইনশৃঙ্খলার জন্য যিনি প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। নিজের দায়িত্ব পালন না করে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।’
ঢাকার গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় শনিবার অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ যাওয়ার ঘটনায় বিতর্কের মুখে সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ঘটনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তুলে আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
নাহিদ ইসলামের অভিযোগ, ‘এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলতেছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনের উদাহরণ নয়।’
সংবিধান সংশোধন কমিটিরও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এ কমিটিকে এ দেশের মানুষ প্রত্যাখান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এসব জনগণের সঙ্গে প্রহসন।’
মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।