১৯ অক্টোবর ২০২৬, ১৫:১৬

মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত সাবেক প্রতিমন্ত্রী ইশরাক

ইশরাক হোসেন  © টিডিসি সম্পাদিত

মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত থাকার কথা জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে তিনি নির্বাচনে লড়বেন। অন্য কোনো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে তার পক্ষেও কাজ করার কথা জানিয়েছেন তিনি।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মেয়র নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি। যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রে তাঁকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।

ইশরাক হোসেন বলেন, এর আগে ২০১৭ সালে আমার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

এই সংসদ সদস্য বলেন, আমি সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাব।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ নামেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। 

অভিযানের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রোববার (১৮ অক্টোবর) দিনভর ঘটনাটি আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এ ঘটনায় বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও তা বিব্রতকর হয়ে দাঁড়ায়।