সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।শনিবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।
সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, মীরপুরে রাড্ডা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভাঙচুর ও দখলের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ শুরু হলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির এমপি হিসেবে পদত্যাগে বাধ্য হন। মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়।