‘১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্য রাজপথে দেখিনি’— রাশেদ খাঁনের বক্তব্যের পাল্টা জবাব দিলেন খালিদুজ্জামান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেছেন, ‘১৬ বছরে ১৬ সেকেন্ড মাঠে না থেকেও নির্বাচনে জিততে তোমার নেতার ঘাম ছুটে গেছে। মাঠে থাকলে কী অবস্থা হবে চিন্তা করে দেখো।’
শনিবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খানের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন ডা. এসএম খালিদুজ্জামান।
এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. এসএম খালিদুজ্জামানকে উদ্দেশ্যে করে রাশেদ খাঁন অভিযোগ করেন, ফ্যাসিবাদের ১৬ বছরে খালিদুজ্জামান ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেননি। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকেও কখনো কোনো পোস্ট দেননি।
রাশেদ খাঁন লেখেন, ‘ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ভণ্ড ডাক্তার খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি। এমনকি শেখ হাসিনার বিপক্ষে ফেসবুকেও কখনো কোনো পোস্ট দেন নি। কিন্তু এই ভণ্ড ডাক্তার প্রায়ই দেখি নেতিবাচকভাবে আমাদের লড়াই- সংগ্রাম প্রশ্নবিদ্ধ করে পোস্ট করে। যার মানুষের কাছে পরিচয় দিতে হয় জনাব তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে, সে আবার অন্যদের ত্যাগকে ছোট করে কোন লজ্জায়!’
তিনি আরও লেখেন, ‘এই পরিচয়হীন নির্লজ্জ নব্য রাজকার, কাপুরুষ, গুপ্ত খালিদুজ্জামান ফেসবুক পেজ খুলেছে ২০২৪ সালের ২৫ আগস্টে। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এসব ভণ্ড খালিদুজ্জামানরা নব্য বিপ্লবী হয়েছে। আবার কখনো শেখ হাসিনা ফিরলে এরা গোঁফদাড়ি ছেঁটে ফেলে হয়তো নতুন রুপে আবির্ভূত হবে অথবা পাকিস্তানে পালাবে।’
রাশেদ খাঁন আরও বলেন, ‘এসব সুযোগ সন্ধানী পাকি ভণ্ডরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। বিগত ১৬ বছরে শেখ হাসিনার সন্তান হিসেবে এরা লীগ হয়ে বেঁচে ছিলো। এখন এরা জামায়াত-শিবির রুপে ফিরে এসেছে। এদেরকে দেশ থেকে ঝেটিয়ে বিদায় করা উচিত। গণঅভ্যুত্থানের পরে এরা দুর্গন্ধযুক্ত আবর্জনা হিসেবে দেশের রাজনীতিকে কলুষিত করছে।’
খালিদুজ্জামানের সমালোচনা করে তিনি লেখেন, ‘একজন প্রকৃত ডাক্তারের ভাষা ও আচরণ ভণ্ড খালিদুজ্জামানের মতো হতে পারে না। এই খালিদুজ্জামান টোটালি একটা বিকৃতমস্তিষ্কের মানুষ।’