১৩ অক্টোবর ২০২৬, ২১:৩৫

সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা আকরাম

হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের দেখতে এনসিপি নেতা আকরাম হোসাইন  © সংগৃহীত

সৌদি আরবে হামলায় নিহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ এবং আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন। একই সঙ্গে সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, আকামার খরচ কমানো এবং প্রবাসীদের জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার মতো ব্যবস্থা গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব দাবি ও পর্যবেক্ষণের কথা তুলে ধরেন আকরাম হোসাইন। এর আগে মদিনা থেকে প্রায় ১০ ঘণ্টা ভ্রমণ করে রিয়াদে হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের দেখতে যান বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

আকরাম হোসাইন জানান, নিরাপত্তাব্যবস্থা কঠোর হওয়ায় হাসপাতালে সব আহতের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। আহত বাংলাদেশিদের বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে। শুরুতে দূতাবাস থেকে সাড়া না পেলেও বর্তমানে কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।

আহতদের চিকিৎসার পাশাপাশি তাঁদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দায়িত্ব বাংলাদেশ সরকারকে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৌদি সরকার আহতদের চিকিৎসা করাচ্ছে। তবে যাঁরা আহত হয়েছেন, তাঁদের ভবিষ্যৎ জীবন ও পুনর্বাসনের বিষয়েও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া জরুরি।

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে হামলার ঘটনা বেশি ঘটছে উল্লেখ করে তিনি ওই দুই শহরে বাংলাদেশিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁর মতে, ভবিষ্যতে যেন আর কোনো বাংলাদেশি আহত বা নিহত না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে এ ধরনের উদ্যোগ দূতাবাসের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে এনসিপির এই নেতা বলেন, হামলার ঘটনায় বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হওয়ায় সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা জরুরি। কার্যকর উদ্যোগ নেওয়া গেলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা সফল হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

যুদ্ধের কারণে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ীরা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করেন আকরাম হোসেন। পাশাপাশি ২০২৭ সাল থেকে ভিসা নবায়ন ও আকামার খরচ বাড়ানোর ঘোষণার প্রসঙ্গ তুলে বাংলাদেশিদের জন্য আকামার খরচ কমাতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।

নিজের পর্যবেক্ষণে ইরানের মাধ্যমে হুতিদের সঙ্গে পরোক্ষ আলোচনা বা ‘ব্যাক চ্যানেল’ যোগাযোগের বিষয়টিও তুলে ধরেন আকরাম। বাংলাদেশি উড়োজাহাজের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি এ বিষয়ে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

সৌদি আরবে বসবাসরত প্রায় ৩০ লাখ বাংলাদেশির জন্য দূতাবাসের জরুরি সেবা আরও সহজলভ্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা বিপদে পড়লে দূতাবাসের সহায়তা পেতে দেরি হওয়ার অভিযোগ করেন। তাঁর মতে, ভারত ও ফিলিপাইনের দূতাবাসের মতো আরও সক্রিয় সেবা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, এমন একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে প্রবাসীরা একটি ফোনকল বা বার্তার মাধ্যমেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া পান।