উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছেন। জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তিনি এ ভুলকে অনিচ্ছাকৃত উল্লেখ করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখপ্রকাশ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট রেখে, অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্যে কোনো ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমার যতটুকু জানার সুযোগ হয়েছে, জৌনপুরী ও জৈনপুরী—দুটো শব্দই সঠিক। তবে শব্দ দুটির সঙ্গে আমার কাজের সম্পৃক্ততা সীমিত এবং পরিচিতি কম থাকায় জ্ঞাতসারবহির্ভূত উচ্চারণগত ভুল হয়েছে। আশা করি, ভবিষ্যতে এই শব্দ দুটি উচ্চারণে আরও সাবধানতা অবলম্বন করতে পারব, ইনশাআল্লাহ।
পোস্টে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, চমৎকার আয়োজন ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইসলামের খেদমতে তিনি যে সংগ্রাম করে যাচ্ছেন, তাকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তার কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও তার বিজয় অনিবার্য।