শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের গ্রাফিতিতে কালি দেওয়ার অভিযোগে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি ও জুলাইযোদ্ধা আ ন ম আয়াসসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।
এ সময় আ ন ম আয়াসসহ তিনজনকে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়। তাদের আটকের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার। তিনি বলেন, শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ায় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা এখন থানায় আছেন।
এর আগে শিল্পকলা একাডেমি সংলগ্ন দেয়ালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি আঁকা নিয়ে সমালোচনা দেখা যায়। বাংলাদেশের গুণী ব্যক্তিত্বদের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের তিন সাহিত্যিক ও চলচ্চিত্রকারের ছবি স্থান পেয়েছে ওই দেয়ালচিত্রে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ বলছেন, তালিকায় বাংলাদেশের আরও অনেক গুণী ব্যক্তিত্বকে রাখা যেত। একই ধরনের দেয়ালচিত্র পশ্চিমবঙ্গে আঁকা হলে সেখানে বাংলাদেশের গুণী ব্যক্তিদের স্থান দেওয়া হতো কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পাশাপাশি দেয়ালচিত্রে নারী ব্যক্তিত্বদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচা এলাকার ফুটপাত দখলমুক্ত করে নতুনভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে সড়ক ও ফুটপাত পুনরায় দখল করা হলে হকারদের মালামাল বাজেয়াপ্ত করাসহ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে এলাকাটিতে মৎস্য ভবনের দিকে যেতে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের বিপরীত পাশে দখলমুক্ত ফুটপাতে নতুন ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চ বসানো হয়েছে। ফুটপাতসংলগ্ন দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি।
গত সোমবার সকালে উদ্ধার করা ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।
দেয়ালে আঁকা ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও এস এম সুলতান, চলচ্চিত্রকার জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম এবং অভিনেতা হুমায়ূন ফরীদি। তাদের পাশাপাশি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, পশ্চিমবঙ্গের ঔপন্যাসিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবিও আঁকা হয়েছে দেয়ালটিতে।