গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা থাকার দাবি ডিএনসিসি প্রশাসকের, ভিত্তিহীন বলল জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের বক্তব্যকে ‘কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসকের কাছে অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ প্রকাশের দাবি জানিয়েছে। প্রমাণ দিতে না পারলে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশের আহ্বানও জানিয়েছে দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে জুবায়ের বলেন, শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের বক্তব্যে একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০টি অটোরিকশা থাকার কথা উল্লেখ করা হয়েছে। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে প্রতীয়মান হয়।
তিনি বলেন, ‘আমরা এ ধরনের কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
জুবায়ের আরও বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে জনগণ দায়িত্বশীল, তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো গুরুতর অভিযোগ করার আগে এর সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা জরুরি। অথচ গ্রহণযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপন না করে এ ধরনের মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।
তিনি বলেন, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের জীবিকা-সংশ্লিষ্ট সমস্যাগুলো বাস্তবতা ও জনস্বার্থের আলোকে বিবেচনা করা প্রয়োজন। এসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা অবস্থানের বিরোধিতা করতে হলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা করা উচিত। কোনো নেতার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলে নয়।
বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে ডিএনসিসি প্রশাসককে তাঁর বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানানো হয়। প্রমাণ দিতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশের দাবিও জানায় দলটি।