০৯ অক্টোবর ২০২৬, ১৪:৪৯

বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছিলেন মুফতি আব্দুল মালেক?

শুক্রবার বিক্ষোভের দৃশ্য ও খতিব মুফতি আব্দুল মালেক  © টিডিসি সম্পাদিত

শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের পক্ষে ওলামা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করেছেন একদল মুসল্লি। এ সময় প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর বিপক্ষে স্লোগান দিতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক জামায়াতে ইসলামীর আদর্শ এবং কওমি আলেমদের একাংশের জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটে যুক্ত হওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এ নিয়ে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই ধরনের রাজনৈতিক জোট বা সংশ্লিষ্টতাকে সাধারণ মানুষের জন্য ‘গোমরাহি’ বা ‘পথভ্রষ্টতা’ হিসেবে বর্ণনা করেন আব্দুল মালেক। একই সাথে জামায়াতের লোগোতে থাকা ‘আকিমুদ-দ্বীন’ শব্দ নিয়েও কথা বলেন তিনি। বলেন, এর দ্বারা ইসলামের অপব্যাখ্যা করা হয়েছে। এই ‘অপব্যাখ্যা’র বর্ণনা দেওয়ার সময় ‘নাউজুবিল্লাহ’ও বলতে শোনা যায় খতিবকে।

ওই বক্তব্যে জামায়াতের সঙ্গে জোট করা কওমিপন্থী রাজনৈতিক দলের বিষয়ে মুফতি আব্দুল মালেক বলেন, ‘যারা জামায়াতে যোগদান করবেন তারা পথভ্রষ্টতার পথে পা বাড়াবেন।’

তিনি বলেন, ‘কি কথা! সব কওমি চলে যাবে জামায়াতে! পুরো কওমি চলে গেলে সব পথভ্রষ্টতা হয়ে যাবে। পুরো কওমি যদি সব ওই দিকে যায় আল্লাহ মাফ করেন, সব গুমরাহ হয়ে যাবে।’

মুফতি আব্দুল মালেক বলেন, ‘পুরো কওমি গেলো, এতো বেশি স্বপ্ন দেখেন কেনো? কওমি কিছু ভালো থাকলে, পুরো কওমি যাবে না ওই দিকে। কিসমত ভালো যাদের তারা ওই দিকে থেকে এই দিকে চলে আসবে।’