০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

নাসীরুদ্দীন পাটওয়ারীর  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে নাসীরুদ্দীনের বাড়িতে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে। এতে বলা হয়, বাস্তবে ঘটেনি এমন একটি স্পর্শকাতর ঘটনার ভিডিও কেন তৈরি বা প্রচার করা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

বুধবার (৭ অক্টোবর) রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে এডমিন লিখেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর কোনো ঘটনা ঘটেনি। তাহলে ভিডিওটি ছড়ানোর উদ্দেশ্য কী, সেই প্রশ্নও তোলা হয়েছে পোস্টে।

পোস্টে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আ/গুন লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অথচ এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি। তাহলে প্রশ্ন হলো, এই ভিডিওটি ছড়ানোর উদ্দেশ্য কী? কেন এমন একটি স্পর্শকাতর ঘটনার ভিডিও তৈরি বা প্রচার করা হচ্ছে, যে ঘটনা বাস্তবে ঘটেইনি?

ফেসবুক পোস্টে দাবি করা হয়, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যারেটিভ নির্মাণ করে তার ওপর হামলার পরিবেশ তৈরি এবং হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ৫ বার হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এসব হামলার কোনো দৃশ্যমান বিচারের উদ্যোগ বিএনপি সরকার করে নাই। বরং কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা ‘জায়েজ’, তারই বৈধতা তৈরির মতো বক্তব্য স্বয়ং সরকারদলীয় দায়িত্বশীলদের কাছ থেকে এসেছে।

তিনি বলেন, তাহলে এবার ছড়িয়ে পড়া এই ভিডিওটিও কি সেই ধারাবাহিকতার কোনো অংশ? একই সঙ্গে ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কোনো পরিকল্পিত প্রচেষ্টার অংশ কি না? চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর যে দুঃসাহসী অবস্থান, সেটিকে প্রতিহত করতেই কি বারবার তার বিরুদ্ধে এমন উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে? তার কণ্ঠকে স্তব্ধ করতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও পতিত স্বার্থান্বেষী মহলের সম্মিলিত কোনো প্রচেষ্টা চলছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।